গোলাম জিলানী :সুনামগঞ্জের দিরাইয়ে চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে সরেজমিনে তদারকি জোরদার করা হয়েছে। কোথাও বরাদ্দের চেয়ে বেশি অর্থ ব্যয় করে জনস্বার্থে কাজ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে জগদল ও চণ্ডীপুর এলাকার দুটি প্রকল্প উল্লেখযোগ্য।
দিরাই পৌরসভার হারানপুর এলাকার বাসিন্দা শিপু বলেন, পৌর এলাকায় এবার উন্নয়নকাজের মান ভালো হচ্ছে। কাজের ক্ষেত্রে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। সংসদ সদস্য নিজেই কাজের খোঁজখবর নিচ্ছেন। কাজ যথাযথভাবে সম্পন্ন না হলে বিল আটকে দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ সন্তুষ্ট।
সংসদ সদস্য নাছির চৌধুরীর ব্যক্তিগত সচিব রুদ্র মিজান বলেন, এলাকার উন্নয়নে বরাদ্দের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংসদ সদস্য আন্তরিক। জনগণের অর্থের অপচয় বা কোনো ধরনের অনিয়ম তিনি বরদাস্ত করবেন না। এ লক্ষ্যেই নিয়মিত প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। কাজের মান ও বাস্তব অগ্রগতি যাচাইয়ের পরই বিল পরিশোধ করা হচ্ছে। কেউ প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ বলেন, চলতি অর্থবছরে বেশ কিছু প্রকল্পের কাজ নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে। তবে নিচু এলাকা ও প্রতিকূল পরিস্থিতির কারণে কয়েকটি প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলো কাজের উপযোগী হলে পিআইসি কমিটির মাধ্যমে দ্রুত কাজ শেষ করা হবে। প্রকল্পের কাজ সরেজমিনে যাচাই এবং যথাযথভাবে বুঝে নেওয়ার পরই চূড়ান্ত বিল পরিশোধ করা হচ্ছে।