সুনামগঞ্জের দিরাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুর ১২টার দিকে দিরাই উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে ঢাক-ঢোল ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর শহরের প্রধান সড়কগুলো।
এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন ফেস্টুন দেখা যায়।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপির সদস্যসচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শোয়েব হাসান ও সুমন মিয়া এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথাও তুলে ধরেন তারা।
বক্তারা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কাজ করে আসছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। আগামী দিনে দলের নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।