জেলা স্টাফ রিপোর্টার।পাবনা।
মাফরুদুর রহমান মুরাদ
এমএফএস (MFS বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) এবং ব্যাংক হিসাব ব্যবহার করে অনলাইন জুয়া ও অবৈধ অর্থ পাচারের ঘটনায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্প্রতি একটি বড় চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে।
সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই চক্রটিকে শনাক্ত করা হয়।
সিআইডি জানায়, অনলাইন জুয়ার টাকা প্রধানত চার ধাপে হাতবদল হয়ে বিদেশে পাচার হয়—জুয়াড়ি, স্থানীয় এজেন্ট, সুপার এজেন্ট এবং শেষ ধাপে আন্তর্জাতিক মাস্টারমাইন্ড।
দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় এজেন্টরা জুয়াড়িদের কাছ থেকে আসা ছোট ছোট অঙ্কের টাকা সংগ্রহ করতে নিজেদের এমএফএস ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করত। এর বিনিময়ে তারা ০.৪% থেকে ২% পর্যন্ত কমিশন পেত।
এজেন্টরা তাদের কমিশন রেখে বাকি টাকা সুপার এজেন্টদের কাছে পাঠিয়ে দিত। সুপার এজেন্টরা প্রযুক্তিগতভাবে দক্ষ হওয়ায় তারা টেলিগ্রাম বা অন্যান্য এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে এই অর্থ ক্রিপ্টোকারেন্সি (যেমন: ইউএসডিটি) বা ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করত।
এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে সিআইডি মো. মনোয়ার হোসেন, মো. মারুফ হোসেন হলি এবং মো. ইলিয়াস হোসেন রাজু নামের তিনজনকে গ্রেপ্তার করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অনলাইন জুয়া ও বেটিং সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে এ ধরনের আর্থিক লেনদেনের ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।