আলী আহমদ রিপন মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার টেকসালিয়া এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুজন সূত্রধর সান্টু (২৮), বালাগঞ্জ উপজেলার নশিরপুর এলাকার মৃত মিন্টু সূত্রধরের ছেলে; শরীফ উদ্দিন ওরফে শারীফ উদ্দিন (৩৬), মৌলভীবাজারের হিলালপুর এলাকার জইন উল্লাহর ছেলে এবং জুয়েল মিয়া (৩৫), গুজারাই এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে টেকসালিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউনুস সিদ্দিকী (৫০) তার মোটরসাইকেলটি বাড়ির গাড়ির গ্যারেজে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে নামাজ শেষে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, গ্যারেজে রাখা মোটরসাইকেলটি নেই।
পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ করেন। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় ৬ অক্টোবর মৌলভীবাজার সদর মডেল থানায় এফআইআর নং-০৭, জিআর-৩২২/২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ, এসআই শিপু কুমার দাশ, এসআই জয়ন্ত সরকার, এসআই হিরণ কুমার বিশ্বাস ও এএসআই জাহিদুল ইসলামের সমন্বয়ে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালেঙ্গা এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। একই তথ্যের ভিত্তিতে বালাগঞ্জের নশিয়রপুর এলাকা থেকে চুরির কাজে ব্যবহারের অভিযোগে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাইভেটকারটি জব্দের সময় গাড়ির ভেতর থেকে দুটি গরুও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।