দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ লিটার মদসহ পিকলু তালুকদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেন্দ্র তালুকদার (৩৭) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে এআই (নিঃ) শাহ আলমসহ পুলিশের একটি দল রফিনগর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে জনৈক সঞ্জয়ের টিনের ঘরের ভেতর চৌকির নিচ থেকে ১২ লিটার মদ উদ্ধার করা হয় এবং পিকলু তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পিকলু তালুকদার রফিনগর ইউনিয়নের সমীপুর গ্রামের মৃত নিখিল তালুকদারের ছেলে। অপরদিকে পলাতক রাসেন্দ্র তালুকদার একই গ্রামের রমাকান্ত তালুকদারের ছেলে।
এ ঘটনায় দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৬, তারিখ ৫ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর-১৮৯।
গ্রেপ্তারকৃত আসামিকে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।