মাফরুদুর রহমান মুরাদ জেলা স্টাফ রিপোর্টার।পাবনা।
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালানটি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সফলভাবে প্রকল্প এলাকায় পৌঁছেছে। ৩ অক্টোবর ২০২৬, শনিবার বেলা ১২টা ২০ থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে ইউরেনিয়াম বহনকারী বিশেষ লরিবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।
গত শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটের দিকে রাশিয়ার একটি বিশেষ কার্গো বিমানে করে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের এই চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে বিমানবন্দর থেকে তিনট লরি এবং প্রয়োজনীয় যন্ত্রাংশসহ আরেকটি বিশেষ গাড়িবহর সড়কপথে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, গোয়েন্দা সংস্থা এবং বিশেষ নিরাপত্তা ব্যাটালিয়নের সমন্বয়ে এই যৌথ নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা হয়। বহরটির সাথে রাশিয়ান বিশেষজ্ঞদের একটি দলও উপস্থিত ছিলেন। নিরাপত্তা স্বার্থে পরিবহনের সময় পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে প্রায় আধা ঘণ্টার জন্য সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
পদ্মা নদীর তীরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্প পরিচালকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের কাজ সম্পন্ন হলেও প্রেসার অপারেটেড রিলিফ ভালভ (PORV) সংক্রান্ত জটিলতার কারণে মূল কমিশনিং এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময় কিছুটা পিছিয়েছে। তবে সম্প্রতি ১৬ মেগাপাসকেল উচ্চচাপে সেফটি ভালভের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আরও কিছু চূড়ান্ত পরীক্ষা শেষে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। একই সাথে প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে করে রূপপুরের দুই ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানি বা ইউরেনিয়াম অ্যাসেম্বল রাশিয়া থেকে ধাপে ধাপে বাংলাদেশে নিয়ে আসা হবে।