শেখ মারুফ হাসান সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে একটি দিনব্যাপী কর্মী কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে সংগঠনের আগামী সেশনের জন্য সুনামগঞ্জ জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর, ২০২৬) অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবিবুল্লাহ মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফেদাউর রহমান তাসাদ্দুক। এছাড়াও কর্মশালায় স্থানীয় ও জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় অগ্রসর কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
কর্মশালার সমাপনী অধিবেশনে আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হেদায়াতুল্লাহ। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:সাংগঠনিক সম্পাদক: শায়েখ আহমদ মামুন,প্রশিক্ষণ সম্পাদক: শেখ মারুফ হাসান,বায়তুলমাল সম্পাদক: ফয়জুল্লাহ,সমাজকল্যাণ সম্পাদক: নাঈম আহমদ,স্কুল বিষয়ক সম্পাদক: মোহাম্মদ রাফি,প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ বাইতুল্লাহ
এছাড়াও নবগঠিত এই কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জাকারিয়া, হাদী, রমজান আলী ও জমির হুসাইন।
সংগঠনের দায়িত্বশীলরা আশা প্রকাশ করে জানান, এই নবগঠিত জেলা কমিটি সুনামগঞ্জ অঞ্চলে ইসলামি ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করবে।