জগন্নাথপুর প্রতিনিধি:
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে তিনটি পৃথক ইভেন্টে প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছেন দিরাই উপজেলার ভরারগাঁও গ্রামের প্রতিভাবান তরুণ শেখ মারুফ হাসান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি হামদ/নাত, নজরুল সংগীত ও উপস্থিত বক্তৃতা এই তিনটি বিভাগেই প্রথম স্থান অর্জন করেন। তাঁর এই সাফল্যে ভরারগাঁও গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের সৃষ্টি হয়েছে।
শেখ মারুফ হাসান জগন্নাথপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসা, ইসহাকপুরের শিক্ষার্থী। প্রতিযোগিতায় তাঁর পাশাপাশি মাদ্রাসা থেকে অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থীরাও বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জন করেছেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
সাফল্যের অনুভূতি ব্যক্ত করে শেখ মারুফ হাসান বলেন, ইসহাকপুরের আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসা থেকে আমরা যতজন প্রতিযোগী ছিলাম, আল্লাহর রহমতে সবাই বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের সঙ্গে স্থান পেয়েছি। এই অর্জনের পেছনে আমাদের শিক্ষকমণ্ডলীর দিকনির্দেশনা ও দোয়া ছিল।
মাদ্রাসার শিক্ষার্থীদের এমন সাফল্যে এবং বিশেষ করে শেখ মারুফ হাসানের তিনটি ইভেন্টে প্রথম স্থান অর্জনে প্রতিষ্ঠানের গভর্নিং বডি, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা বিজয়ী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।