জেলা স্টাফ রিপোর্টার পাবনা:মাফরুদুর রহমান মুরাদ।
পাবনার ঈশ্বরদী ও পাকশীর সড়কগুলোর চরম বেহাল দশার কারণে প্রতিদিন হাজার হাজার পথচারী, চালক, স্থানীয় ইপিজেড ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে ঈশ্বরদী রেলগেট থেকে তালতলা এবং পাকশী কবরস্থান থেকে বিভাগীয় রেলওয়ে অফিস পর্যন্ত সড়ক দুটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
রেলগেট থেকে তালতলা পর্যন্ত যে পথটুকু অটোবাইকে পাড়ি দিতে স্বাভাবিক সময়ে মাত্র ১০ মিনিট লাগার কথা, সড়ক ভাঙা হওয়ার কারণে এখন সেখানে ৩০ থেকে ৪০ মিনিট সময় লেগে যাচ্ছে।
এ সড়কগুলো দিয়ে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ওজনের বালুবাহী ১০ চাকার ট্রাক, ড্রাম ট্রাক এবং ইপিজেডের ভারী পণ্যবাহী গাড়ি দিন-রাত চলাচল করায় রাস্তাগুলো বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। বর্ষার দিনে এসব গর্তে এক হাঁটু পানি ও কাদা জমে থাকায় প্রতিনিয়ত অটোরিকশা ও অটোবাইক উল্টে যাচ্ছে এবং পণ্যবাহী ট্রাক আটকে পড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষ এই পথে যাতায়াত করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ সড়কগুলোর কোনো বড় ধরনের সংস্কার কাজ করা হয়নি।