মোঃ রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি বিশেষ টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের আওতাধীন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন খ্রিস্টানপাড়া নামক স্থানে একটি মাদকবিরোধী বিশেষ টহল দেয় বিজিবি। অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এই মাদকের আনুমানিক সিজার মূল্য ১,৪৪,০০০ (এক লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক নূরুল আজিম বায়জিদ জানান, সীমান্তে মাদক চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা কঠোর নজরদারি বজায় রাখছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।