রিন্টু চাকমা, জুরাছড়ি প্রতিনিধি রাঙ্গামাটি
রাঙ্গামাটির জুরাছড়ির সুবলং শাখা বন বিহারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী মহাসংঘদান অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের এ আয়োজনে জড়ো হন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থী।
অনুষ্ঠানের শুরুতে পঞ্চশীল প্রার্থনা করেন মিনু দেবী চাকমা। স্বাগত বক্তব্য দেন স্নেহ কুমার চাকমা। পরে আশীর্বাদ প্রার্থনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক পপন বিকাশ চাকমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিস পারমিতা চাকমা ও উইনিং মার্মা। মহাসংঘদান অনুষ্ঠানে সুবলং শাখা বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধ শ্রী মহাস্থবির ভান্তে উপস্থিত ছিলেন। ধর্মদেশনা প্রদান করেন প্রজ্ঞাদর্শী ভান্তে, পন্থক ভান্তে ও ইন্দ্রগুপ্ত মহাস্থবির ভান্তে।
এছাড়া কাটাছড়ি বন ভাবনা কেন্দ্রের ভিক্ষুরাও এতে অংশ নেন।মহাসংঘদানে বৌদ্ধ ভিক্ষুদের দান প্রদান, ধর্মদেশনা ও বিশেষ প্রার্থনায় অংশ নেন হাজারো পুণ্যার্থী। এসময় দেশ, জাতি ও সকল প্রাণীর শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনা করা হয়।
ধর্মীয় এ আয়োজনকে ঘিরে সুবলং শাখা বন বিহার এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।