নিজস্ব প্রতিবেদন
সুনামগঞ্জের দিরাই উপজেলার ০৫ নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন দিরাই উপজেলা যুবদল নেতা নাহিদ মোশাররফ। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয় পর্যায়ে তাঁকে নিয়ে আলোচনা রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নাহিদ মোশাররফ।
নাহিদ মোশাররফ বলেন,২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমি আমার জন্মভূমি সরমঙ্গল ইউনিয়নের সাধারণ মানুষের পাশে আছি। সুখে-দুঃখে সাধ্যমতো তাদের সহযোগিতায় কাজ করে যাচ্ছি। দলীয় পরিচয়ের বাইরে নিজের উদ্যোগেও এলাকার বিভিন্ন সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
তিনি জানান, সরমঙ্গল ইউনিয়নের প্রান্তিক ও দুর্গম ভাটি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়ন তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। বিশেষ করে দিরাই উপজেলা সদর থেকে বরাম হাওর হয়ে সরমঙ্গল ইউনিয়নে যাতায়াতকারী মানুষের ভোগান্তি কমাতে তিনি কাজ করতে চান।
নাহিদ মোশাররফের দাবি, গত বছর হাওরের মধ্যবর্তী একটি ছোট নদীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের চলাচল ব্যাহত হলে তিনি নিজ উদ্যোগে সেখানে তাৎক্ষণিকভাবে সাঁকোর ব্যবস্থা করেছিলেন।
তিনি আরও বলেন,আমি আজীবন আমার সরমঙ্গল ইউনিয়নের সাধারণ মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই, যেন মৃত্যুর পরও ইউনিয়নবাসী আমাকে স্মরণ করে।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, নাহিদ মোশাররফ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। দুর্দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সক্রিয় থাকার কারণে স্থানীয় পর্যায়ে তাঁর কর্মকাণ্ড নিয়ে আলোচনা রয়েছে।
চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সরমঙ্গল ইউনিয়নের শান্তি, অগ্রগতি ও সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাহিদ মোশাররফ।