রাজিব দাস, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সিলেটে এক নারীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত ও অশ্লীলভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের স্বজনপুর গ্রামের ধামাইল শিল্পী পিকলু সরকার (৩০) ও তুষ্টি তালুকদার (২৮)।
মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮, ২৫ ও ২৭ ধারায় মামলা করেন। অভিযোগে বলা হয়েছে, আসামিদের নামে থাকা ফেসবুক আইডি থেকে বাদীর ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে সম্পাদনা করা হয়। পরে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ এবং বাদীর স্বামী ও পরিবারের সদস্যদের মোবাইল ফোনে পাঠানোর অভিযোগও করা হয়েছে।
মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই সিলেট। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পিকলু সরকার ও তুষ্টি তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে পিকলু সরকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে পিকলু সরকার তুষ্টি তালুকদারকে তার প্রেমিকা হিসেবে উল্লেখ করেন। তবে ভুক্তভোগী নারীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় তুষ্টির সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
আদালত পিকলু সরকারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। মামলার সঙ্গে সংশ্লিষ্ট ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানা গেছে। পাশাপাশি অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই শেষে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
এদিকে, এ ঘটনায় জড়িত অন্যদেরও তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে। একই সঙ্গে এআই প্রযুক্তির অপব্যবহার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।