জেলা স্টাফ রিপোর্টার পাবনা, মাফরুদুর রহমান মুরাদ
পাবনায় চতুর্থ শ্রেণির ছাত্রী কামরুন্নাহার কলিকে (১০) ধর্ষণের পর হত্যার বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত ঘেরাও করেছেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলনিয়া গ্রামে গত ৯ সেপ্টেম্বর ১০ বছরের শিশু কামরুন্নাহার কলি নিখোঁজ হয়। পরে ১৬ সেপ্টেম্বর বাড়ির পাশের ডোবা থেকে তার বস্তাবন্দি ও খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িসহ জড়িতদের দ্রুত ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন হাজারো জনতা।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর জুমার নামাজের পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রধান অভিযুক্ত মোস্তফার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও পরবর্তীতে তার বাড়িতে টানা কয়েক দিন ধরে তাণ্ডব চালায়।
পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে আসামিদের গ্রেপ্তার করেছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।