বিশেষ প্রতিনিধি:
রাজধানীর মিরপুরে বাংলা টেলিভিশনের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর গোলচত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের আস্তানা আগামী ১৫ দিনের মধ্যে নিশ্চিহ্ন করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও গুলিবর্ষণের মতো ঘটনা পেশাগত নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন।
আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, সাংবাদিকরা জনগণের অধিকার, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মিরপুর প্রেস ক্লাবের সভাপতি আমিরুজ্জামান আমির বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা জরুরি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ সময় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা মীর আলাউদ্দিন, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন, সহসভাপতি আনিসুল হক ক্লিপটন, মিরপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মারুফ হায়দারসহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়; এর ফলে স্বাধীন সাংবাদিকতা ও অবাধ তথ্যপ্রবাহও বাধাগ্রস্ত হতে পারে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সমাবেশে আরও বক্তব্য দেন মোশাররফ হোসেন মনা, ভুঁইয়া কামরুল ইসলাম সোহাগ, মর্তুজা পাপ্পু ও এস এম আর শহীদসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
সমাবেশটি সঞ্চালনা করেন মিরপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রেজাউল করিম রেজাসহ সংগঠনের নেতৃবৃন্দ।