বিশেষ প্রতিনিধিঃ মোঃ বাবুল হোসেন
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলকে কেন্দ্র করে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী গণমিছিল চলাকালে কয়েকজন ব্যক্তি মিছিলের পথরোধ করে কর্মসূচি বন্ধের জন্য চাপ দেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির স্থানীয় কয়েকজন নেতাকর্মী।
অভিযোগকারী নেতাকর্মীদের দাবি, রাত ৮টার দিকে এলাকায় মাদকবিরোধী গণমিছিল বের করা হলে হাবিব, জাকির ও আবিরসহ কয়েকজন তাদের পথরোধ করেন। এ সময় মিছিল বন্ধ করার জন্য চাপ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি পালন করা হলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী এক নেতা বলেন, বাধা ও হুমকির পরও তারা মিছিলের কর্মসূচি শেষ করেন। তবে ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। অভিযুক্তদের কাছে আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আয়োজকদের ভাষ্য, মাদক যুবসমাজসহ পুরো সমাজের জন্য ক্ষতিকর। তাই মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও এর বিস্তার রোধে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
মিছিল শেষে ভুক্তভোগী নেতা আশুলিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তার দাবি জানান। একই সঙ্গে ঢাকা-১৯ আসনের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদেরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে হাবিব, জাকির ও আবিরের বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা এবং ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।