নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের দিরাই উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদের পাশে উজ্জ্বল একটি তারার দৃষ্টিনন্দন উপস্থিতি দেখা গেছে। বিকেলের শেষ আলো ফুরিয়ে সন্ধ্যা নামার পর পরিষ্কার আকাশে চাঁদ ও উজ্জ্বল তারা টিকে কাছাকাছি অবস্থানে দেখা যায়। মনোমুগ্ধকর এ দৃশ্য নজরে আসতেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় কৌতূহল ও আগ্রহ।
দিরাইসহ সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় কেউ বাড়ির ছাদে, কেউ খোলা মাঠে আবার কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু সময় আকাশের এ সৌন্দর্য উপভোগ করেন। অনেকে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
শুধু সুনামগঞ্জ নয়, দেশের বিভিন্ন স্থান থেকেও একই ধরনের দৃশ্য দেখার খবর পাওয়া গেছে। সন্ধ্যার পর নানা বয়সী মানুষকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। চাঁদের পাশে উজ্জ্বল তারাটির এমন কাছাকাছি অবস্থান অনেকের কাছেই ছিল আকর্ষণীয় ও ব্যতিক্রমী।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন আকাশে চাঁদ ও তারা দেখা গেলেও এদিন দুটিকে কাছাকাছি অবস্থানে দেখে দৃশ্যটি আলাদা মনে হয়েছে। ফলে অনেকেই ব্যস্ততার মাঝেও কিছু সময়ের জন্য আকাশের দিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সন্ধ্যার এ দৃশ্য নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। বিভিন্ন এলাকার মানুষ চাঁদ ও উজ্জ্বল তারার ছবি-ভিডিও পোস্ট করে নিজেদের মুগ্ধতার কথা জানান।
দিনশেষে আকাশের এমন নান্দনিক দৃশ্য সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে তৈরি করে সাময়িক আনন্দ ও মুগ্ধতা। শহর কিংবা গ্রামের ব্যস্ত জীবনের মাঝেও প্রকৃতির এই সৌন্দর্য যেন মানুষকে কিছুক্ষণের জন্য থামিয়ে দেয় আকাশের দিকে তাকিয়ে উপভোগ করতে শেখায় একটুখানি প্রশান্তি।