জামাল হোসেন, জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কলেজ ক্যাম্পাসে আয়োজিত সভায় শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় প্রতিষ্ঠানটিকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি দীনুল ইসলাম বাবুল। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ঝরে পড়া শিক্ষার্থীর হার কমানো, বিজ্ঞানাগার ও লাইব্রেরি আধুনিকায়ন, আইসিটি ল্যাব স্থাপন, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে দীনুল ইসলাম বাবুল বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের সন্তানদের ভালো মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার মান বাড়াতে হবে। আমি ব্যক্তিগতভাবে এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করে যাব।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু ইয়ামিন চৌধুরী বলেন, এডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের পাস করানো নয়, নৈতিকতা ও মেধার সমন্বয়ে তাদের যোগ্য করে গড়ে তোলা।
সভায় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, এলাকার বিশিষ্ট মুরুব্বি, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
সভার শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।