জামাল হোসেন জগন্নাথপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুরের চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে বিতর্কিত তৎপরতা শুরু করেছেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ আব্দুল মমিন।
দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করা এই নেতা এখন দেশে বসে নয়, প্রবাসে বসেই ইউনিয়নের রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মকাণ্ড বন্ধ থাকার পরও হাজী আব্দুল মমিনের পক্ষ থেকে গোপনে যোগাযোগ ও তৎপরতা চালানো হচ্ছে। তার উদ্দেশ্য একটাই – প্রবাস থেকে টাকা-পয়সা দিয়ে ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতি পুনরায় সক্রিয় করা এবং নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করা।
এলাকার সচেতন মহল ও রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, যারা ১৬ বছর মানুষের উপর জুলুম-নির্যাতন করেছে, যাদের নেতৃত্বে দেশে স্বৈরাচার কায়েম হয়েছিল, তারা এখন প্রবাসে বসে আবার ইউনিয়ন নির্বাচনে নাক গলাতে চায়। এটা জনগণ মেনে নেবে না।
তাদের ভাষ্য,হাজী আব্দুল মমিন নিজে দেশে নেই। কিন্তু তার লোকজন দিয়ে এলাকায় বিশৃঙ্খলা ও বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে কোনো মহল যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
এদিকে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে সরব রয়েছেন। তারা জনগণের দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন।
স্থানীয়দের প্রত্যাশা, ইউপি নির্বাচন হবে জনগণের উৎসব। কোনো প্রবাসী বা বিতর্কিত ব্যক্তির ইশারায় যেন ইউনিয়নের শান্তি বিনষ্ট না হয়।