বাবুল হোসেন সাভার আশুলিয়া প্রতিনিধি:
মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো এবং রক্তের অভাবে কোনো প্রাণ যেন অকালে ঝরে না যায়, সেই প্রত্যয় নিয়ে ঢাকার আশুলিয়ায় যাত্রা শুরু করেছে ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার আশুলিয়ার জামগড়া ভূঁইয়াপাড়া বাঁশতলা মোড়ে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের কার্যকরী সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ ভূঁইয়া।
সংগঠনটির সার্বিক পরিচালনায় ছিলেন ডাঃ মোঃ আরিফুল ইসলাম। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহীনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসান উল্লাহ ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম দুলাল মীর, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হোসাইন মোল্লা, আশুলিয়া থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহ-সভাপতি মোঃ লিটন গাজী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার ভূঁইয়া।
বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। সময়মতো রক্তের ব্যবস্থা না হওয়ায় অনেক রোগীর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। তাই রক্তের প্রয়োজন রয়েছে এমন রোগীদের পাশে দাঁড়াতে সমাজের সচেতন ও বিত্তবান মানুষকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’ অসহায় ও মুমূর্ষু রোগীদের প্রয়োজনের সময় রক্তের ব্যবস্থা করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনটির মাধ্যমে নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ ও প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সংগঠনটির সফলতা ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করে দোয়া করা হয়।