নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে দিরাই উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এবং পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবিবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওয়ারিস উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শরীফ উদ্দীন এবং পৌর শাখার সভাপতি মাওলানা এ.বি.এম নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ অবিলম্বে কুরআন-বিরোধী কালো আইন বাতিল করার জোর দাবি জানান। একই সাথে তাঁরা উল্লেখ করেন যে, দেশের ৭০% জনগণ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে জনগণের এই রায় দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।