জামাল হোসাইন, জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রুমেল আহমদ রুহুলের ওপর মুখোশধারী একদল যুবকের হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার দুই হাত ও দুই পা গুরুতর জখম হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফেরার পথে আশারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগীর অভিযোগ, বাড়ি ফেরার পথে একদল মুখোশধারী যুবক তার গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার দুই হাত ও দুই পায়ে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় হামলার নিন্দা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর আহমেদ এবং আশারকান্দি ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ আলী।
তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে রুমেল আহমদ রুহুলের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাংবাদিক জামাল হোসাইনও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা কামনা করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ বলেন,লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।