নিজস্ব প্রতিবেদক:
সংস্কার বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে বিএনপির তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে লংমার্চের সমাপনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে সংস্কার বাস্তবায়নের আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে।
মামুনুল হক অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি সেই অঙ্গীকার থেকে সরে গেছে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল—এই হলো তাদের অবনতি ও অধঃপতন। আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি।
তিনি আরও বলেন, আপনারা গাদ্দারি করতে পারেন,আমরা গাদ্দারি করতে পারব না। আপনারা বিশ্বাসঘাতক হতে পারেন, আমরা বিশ্বাসঘাতকতা করতে পারব না। লংমার্চকে সরকার পতনের কর্মসূচি নয়, বরং সরকারকে সতর্ক করার কর্মসূচি দাবি করে মামুনুল হক বলেন,আমরা লংমার্চ করেছি সরকার পতনের জন্য নয়, সরকারকে জাগানোর জন্য।
গণভোটের রায় কার্যকর না করে শুধু সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে জনগণকে সন্তুষ্ট করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের উদ্যোগ না নিলে সরকারকে ‘চরম মাসুল’ দিতে হবে বলে হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিয়ে তামাশা করা হলে জনগণ আবার রাজপথে নামবে এবং গণঅভ্যুত্থান হবে। সমাবেশে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ও শাপলা হত্যাকাণ্ডের বিচার কার্যকর করার দাবিও জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর।
তিনি বলেন,হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটা করেই ছাড়ব। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।