নিজস্ব প্রতিবেদক: মোঃ বাবুল হোসেন
ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে এক ছাদের নিচে জড়ো হয়েছেন হাজারো তরুণ-তরুণী। চাকরি, ইন্টার্নশিপ ও কর্মজীবনের দিকনির্দেশনা পেতে দিনব্যাপী আয়োজনে অংশ নেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (NITER) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে THRIVE ২০২৬ ক্যারিয়ার কনক্লেভ ও NITER National Job Fest 2026।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন খাতের ৫০টির বেশি প্রতিষ্ঠান এ আয়োজনে অংশ নেয়। সরাসরি অংশ নেন এক হাজারের বেশি চাকরিপ্রার্থী এবং পুরো আয়োজনে দর্শনার্থীর সংখ্যা ছিল ১০ হাজারের বেশি। জব ফেস্টে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ২০০টিরও বেশি চাকরির শূন্যপদ নিয়ে উপস্থিত ছিল। ফলে চাকরিপ্রার্থীরা নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সিভি জমা এবং নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পান।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ক্যারিয়ার টক ও ইন্টার্যাক্টিভ সেশন। বিভিন্ন শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীরা দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও করপোরেট সংস্কৃতি নিয়ে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ছাড়া SparkTank’26 প্রতিযোগিতায় কেস ক্যাটালিস্ট, পাবলিক স্পিকিং ও লিডারশিপের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান ও নেতৃত্বের সক্ষমতা যাচাই করা হয়। প্রতিযোগিতায় মোট ১ লাখ টাকা পুরস্কার রাখা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) সভাপতি শওকত আজিজ রাসেল। সভাপতিত্ব করেন NITER-এর পরিচালক আশিকুল আলম রানা।
এ ছাড়া BTMA-এর সহ-সভাপতি ও পুরবাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম সরকারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও NITER-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মো. জিল্লুর রহমান। এ সময় NITER Career Club-এর সভাপতি মেহজাবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী নানা আয়োজন শেষে সম্মাননা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে THRIVE ২০২৬ ও NITER National Job Fest-এর সমাপ্তি হয়। আয়োজক NITER Career Club জানায়, শিক্ষা প্রতিষ্ঠান, করপোরেট খাত ও চাকরিপ্রার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এ আয়োজন করা হয়েছে।