নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের দিরাই পৌরশহরের বাগবাড়ী গ্রামের সর্বস্তরের জনগণের সম্মতিতে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা দিরাই মডেল মসজিদের কনফারেন্স হলে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে মোশাহিদ মিয়াকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বাগবাড়ীসহ দিরাই পৌর এলাকায় মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসা ও সেবন প্রতিরোধ এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে সভায় জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।