জামাল হুসাইন জগন্নাথপুর সুনামগঞ্জ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জমিরুল হক।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নিজ গ্রাম তিলকে নিজ বাসভবনের সামনে এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।
তিলক গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাংবাদিক বাবুল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জমিরুল হক।
মতবিনিময় সভায় সৈয়দ জমিরুল হক বলেন, “আমি আশারকান্দি ইউনিয়নের সন্তান। এই মাটি ও মানুষের উন্নয়নের জন্যই রাজনীতিতে আসা। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে আশারকান্দিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, সৈয়দ জমিরুল হক আশারকান্দি ইউনিয়নের সৈয়দ জমিরুল হক ও হেনা হক পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন।
সভায় স্থানীয় বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্বই পারে আশারকান্দির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে। বক্তারা সৈয়দ জমিরুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ইউনিয়নের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন তিলক গ্রামের বিশিষ্ট সমাজসেবক মুনাইম খান চাঁদ, সৈয়দ আকবর আলী, মো. কমরু খান, আব্দুস সাত্তার, শেখ আব্দুল মান্নান, মনোহর কাজী, শাহ আলম খান, আব্দুস শহীদ মোনাই, বিল্লাল হোসেন, মাওলানা ইয়াওর খান, তখলিস মিয়া, সাজন মিয়া, আহমাদ আলী, আবুল হুসেন ও সোহেল খানসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় তিলক গ্রামের প্রবীণ মুরব্বি শেখ হারুন রুপ, প্রবীণ মুরব্বি আনহার মিয়া, মাওলানা কারী আব্দুল কুদ্দুস, সওদাগর খান, ইরান খান, লিটন খান, আলাফর কাজী, আলী হোসেন খান, মো. শফিক মিয়া, উজ্জল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জমিরুল হক উপস্থিত সকলের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।