আকাশ আচার্য্য | দিরাই উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামে গ্রামীণ লোকসংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও চর্চার লক্ষ্যে ‘নিধূ রঞ্জন ধামাইল দল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নতুন এ দলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ধামাইল গানের আসরে গান, নৃত্য ও গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিমুল পাল। তিনি লোকসংগীত একাডেমি দিরাইয়ের সংগীত প্রশিক্ষক এবং বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।
ধামাইল সিলেট অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী লোকনৃত্য ও লোকসংগীতের ধারা। প্রজন্ম থেকে প্রজন্মে এ ঐতিহ্যকে ছড়িয়ে দিতে নতুন ধামাইল দলের আত্মপ্রকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের কাছে ধামাইলের ঐতিহ্য তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের প্রবীণ শিল্পী নিশা রানী চন্দ ও গীতা রানী পাল উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন দীপক পাল, জয়ধন পাল, সুমন পাল ও আমিনুল ইসলাম। ধামাইল শিল্পী সেজুতি রায় এবং বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ দিরাই উপজেলা শাখার প্রচার সম্পাদক আকাশ আচার্য্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘নিধূ রঞ্জন ধামাইল দল’-এর দলনেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুবর্ণা রানী দাস। দলের নৃত্য পরিচালনায় রয়েছেন নিশিতা রানী পাল ও স্বর্ণা পাল। দলের নৃত্যশিল্পীরা হলেন—তন্নী রানী পাল, পৌষী রানী দাস, চৈতি রানী পাল, স্নিগ্ধা চন্দ, পড়শী রানী পাল ও জোনাকি রানী পাল। তাঁদের পরিবেশনায় ধামাইলের ঐতিহ্যবাহী সুর ও নৃত্যের ছন্দে মুখর হয়ে ওঠে উদ্বোধনী আসর।
দলটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সঞ্জয় কুমার রায় শিপলু, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি। দলটির পরিচালনায় রয়েছেন গীতিকার নিধূ রঞ্জন দাস, যাঁর নামেই দলটির নামকরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়রা নতুন এ ধামাইল দলের উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা আশা প্রকাশ করেন, ‘নিধূ রঞ্জন ধামাইল দল’ নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে কান্দিগাঁওসহ আশপাশের এলাকায় ধামাইলের ঐতিহ্য ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।
গ্রামীণ লোকসংস্কৃতির বিকাশ, ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে ধামাইলের প্রতি আগ্রহ সৃষ্টির প্রত্যাশা নিয়ে শুরু হলো ‘নিধূ রঞ্জন ধামাইল দল’-এর নতুন পথচলা।