জেলা স্টাফ রিপোর্টার পাবনা মাফরুদুর রহমান মুরাদ
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় বিমান চলাচল স্থগিত হওয়ায় ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে পাবনার ঈশ্বরদীর ৫০ জন ওমরাহযাত্রী চরম বিপাকে পড়েছেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৩ অক্টোবর (মঙ্গলবার) তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু আকস্মিক এই পরিস্থিতির কারণে তারা সৌদি আরবে আটকে গেছেন এবং বর্তমানে চরম আবাসন ও খাবার সংকটে দিন পার করছেন।
ওমরাহযাত্রীদের আগের হোটেলের বুকিংয়ের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় রাত্রিযাপনের জন্য নতুন করে থাকার জায়গা বা বাসা খুঁজতে হচ্ছে। পর্যাপ্ত খাবার ও পানি না থাকায় পুরো দল চরম দুর্ভোগে পড়েছে।
আটকে পড়া দলটিতে বেশ কয়েকজন প্রবীণ নারী ও পুরুষ রয়েছেন, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। দীর্ঘ সময় বিমানবন্দরে এবং পরবর্তীতে থাকার সুব্যবস্থা না থাকায় তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন।
যাত্রীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব জানিয়েছেন, আটকে পড়া ওমরাহযাত্রীদের বিষয়ে পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং দ্রুতই এই সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন।