জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বোর্ডের মেধাতালিকায় গোল্ডেন এ প্লাস অর্জনকারী ১২ জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় মাদ্রাসার নিজস্ব হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুল হাশিমের প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হুসাইনের সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি আব্দুস সোবহান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল মালিক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষাসচিব নুর হোসেন জিলানী। পরে স্বাগত বক্তব্য ও সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মতিউর রহমান। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১২ জন ছাত্রী বোর্ডের মেধাতালিকায় গোল্ডেন এ প্লাস অর্জন করে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ শ্রীধরপাশা গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আলহাজ্ব মাহিন আলমের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে মাদ্রাসার সুনাম বৃদ্ধি করায় ১২ জন ছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, নারীশিক্ষার প্রসার, নৈতিকতার উন্নয়ন এবং আদর্শ নাগরিক গঠনে কামারখাল জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা প্রশংসনীয় ভূমিকা পালন করছে। শিক্ষার গুণগত মান বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরূপ রায়, শফিক আলী, পল্লিচিকিৎসক মাওলানা জয়নুল আবেদিন, সমাজসেবক নুহেল আহমদ, সুজাত মিয়া তালুকদার, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, কৃতী শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য শুধু মাদ্রাসার জন্য নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে এবং নারীশিক্ষার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।